ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বরুন ঘোষ (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের ঘোষপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। বরুণ ঘোষ ওই এলাকার নরেন ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরুন ঘোষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। সন্ধ্যায় শহরের ঘোষপাড়া মোড়ে দিয়ে যাচ্ছিলেন বরুণ ঘোষ। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জানান, বরুন ঘোষকে সন্ধ্যা ৭ টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছিলেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঝিনাদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, শহরের ঘোষপাড়া এলাকায় বরুন নামে একজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।