ঝিনাইদহের সদর উপজেলার হাট গোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আবছার শেখের ছেলে নাজমুল হোসেন।
স্থানীয়রা জানান, গোপালপুর থেকে ব্যাটারীচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি সবজি বোঝায় ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, বিকেলে হাটগোপালপুর থেকে ২ জন রোগী এসেছিল। আমরা তাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলাম। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।