ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে পল্লাদ মালি (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লাদ মালি একই জেলার কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে। তিনি ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এস আর) পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে যাদবপুর বাজারে ইউনিলিভার কোম্পানির পন্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই কোম্পানিটির বিক্রয় প্রতিনিধি পল্লাদ মালির মৃত্যু হয়।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার (এস আই) হাবিবুর রহমান জানান, নিহত পল্লাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।