ঝিনাইদহ শহরে মোটরসাইকেলের ধাক্কায় সেলিম মিয়া (৫৪) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।
এর আগে, শহরের হামদহ আলফালাহ হাসপাতালের সামনে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
সেলিম মিয়ার জামাতা ইমতিয়াজ আহমেদ জানান, বগুড়া থেকে ফিরে এসে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত কাজে আলফালাহ হাসপাতাল এলাকায় যান তার শ্বশুর। কাজ শেষে করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মঙ্গলবার রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মমতা বেগম জানান, তার স্বামীর হার্টের রোগ ছিল। চিকিৎসকরা তাকে জানিয়েছেন, মাথার আঘাতে রক্তক্ষরণ ও কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে।
সেলিম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। তিনি জানান, রাতেই পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলে সাংবাদিক সেলিম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের সদস্যরা শোকাহত।