১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। সে সময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মবিরতিতে অংশ নেন।
সে সময় ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখার সভাপতি রেজাউল আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, প্রবীর কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তাঁদের দাবি মানা হচ্ছে না। তাই দ্রুত তাঁদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। সকাল থেকেই ফার্মেসি ও প্যাথলজির সামনে অপেক্ষা করতে দেখা গেছে তাঁদের।
জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলার সকল সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হাসপাতালগুলোতে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।