ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটের দক্ষিণে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মহিলা হলেন কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন এলাকার তিল্লা গ্রামের সুধির দাসের স্ত্রী। স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন বলে জানা গেছে। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
রেল লাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, সকালে ট্রেন আসার আগে তিনি ওই নারীকে রেলগেট এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিলেন। তাঁকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়েছিল।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের চালকের মাধ্যমে আমরা জানতে পারি যে বাবরা রেলগেট এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়েছেন। কালীগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মোবারকগঞ্জ রেল স্টেশনে রেখে গেছেন। পরে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে।