খুলনা

ঝিনাইদহের শৈলকুপায় দুই শিক্ষকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মাদ্রাসাটির কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের অংশ হিসেবে 'মিথ্যা' অভিযোগে মামলা করা হয়েছে দাবি করে এই মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

 

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

 

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার পরিচালক ইমরান হোসেন এবং শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে তিন ছাত্রকে বলৎকার করার মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। বর্তমানে তারা দুজনই কারাগারে থাকায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

 

মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক সাদিক হোসেন, অভিভাবক আবু দাউদ, বুলবুল আহম্মেদসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

 

বক্তাদের অভিযোগ, মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম বন্ধ করতে স্থানীয় একটি মহল চক্রান্ত করে এই মিথ্যা মামলাটি করিয়েছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। এই দাবি মানা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও শিক্ষকরা।



সম্পর্কিত খবর