দেশের খবর

টঙ্গীর ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় মুসল্লিদের

গাজীপুর জেলার টঙ্গী তুরাগতীরে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত। এ দিন লাখো মুসল্লির অংশগ্রহণ ও তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে আশপাশ এলাকা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শেষ হয়। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
 
দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের মুসল্লিরা বৃহৎ এ জামাতে অংশ নেন। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
 
সরেজমিনে গিয়ে মুসল্লিদের সাথে কথা বলে জানা যায়, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সর্ববৃহৎ এ জামাতে শরিক হতে ছুটে এসেছেন। গাড়ি বন্ধ থাকায় অনেকে ময়দানে হেঁটে এসেছেন। আল্লাহর নৈকট্য  লাভের আশায় তারা এ ত্যাগ শিকার করেছেন। মুসল্লিরা আরো বলেন, আল্লাহপাক কার দোয়া কবুল করেন সে কথা বলা যায় না, আল্লাহ পাক যার হাতকে পছন্দ করেন তার উছিলায় যেনো আমাদেরও কবুল করেন এ আশায় আমরা এখানে এসেছি।
 
চারপাশের মহাসড়ক ঘিরে প্রচুর মুসল্লিদের ভিড়। মুসল্লিদের টঙ্গীমুখী যাত্রার কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় মানুষ পায়ে হেঁটে ময়দানে আসছেন। ইতোমধ্যে যারা ইজতেমা ময়দানে জামাত নিয়ে এসেছেন তাদের ছাড়াও অনেক মানুষ শুধু জুমার নামাজ আদায় করতে ইজতেমা মাঠে এসেছেন।


সম্পর্কিত খবর