রংপুর

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ

কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষিকে আরও সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।

 

দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙগী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তাগণ ও উপকারভোগী কৃষকসহ অন্যান্যরা।

 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম বলেন, "ঠাকুরগাঁও কৃষি সমৃদ্ধ হওয়ায় সারা বছরই জমিগুলো চাষাবাদ হয়ে থাকে। যেহেতু আমাদের এখানকার জমি উঁচু, তাই প্রায় কোনো জমিই পড়ে থাকে না। ফলে মাটির জৈব গুণ দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই মাটির গুণাগুণ রক্ষায় কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোক্তা তৈরি করা হচ্ছে এবং উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে এসব কম্পোস্ট সেপারেটর মেশিন প্রদান করা হচ্ছে ও পর্যায়ক্রমে আগামীতেও প্রদান করা হবে।"

 

উল্লেখ্য, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে ১০টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। যার প্রতিটির বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এছাড়াও নারী-পুরুষ মিলিয়ে জেলায় ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্যোক্তা রয়েছেন।



সম্পর্কিত খবর