দেশের খবর

ডুয়েটে দুইদিনব্যাপী আন্তর্জাতিক প্রকৌশল কনফারেন্স শুরু

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। 

 

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং (আইসিএমএমপিই–২০২৬)’ শীর্ষক এ কনফারেন্সের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিসেস ফারজানা মমতাজ। কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।

 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে মানব সভ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ন্যানো টেকনোলজি, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, থ্রিডি প্রিন্টিং, শক্তি সঞ্চয়, বৈদ্যুতিক যানবাহন, রোবোটিক্স ও স্মার্ট ম্যাটেরিয়ালসের মতো প্রযুক্তি বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে টেকসই ও শক্তি- সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। এ সময় তিনি যন্ত্রকৌশল অনুষদের প্রকৌশলীদের পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন কেবল যন্ত্রপাতির মধ্যেই সীমাবদ্ধ নেই। উন্নত ন্যানো ম্যাটেরিয়ালস, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, এনার্জি এফিশিয়েন্ট সিস্টেম, নবায়নযোগ্য শক্তি, হাইড্রোজেন এনার্জি এবং ফায়ার সায়েন্সসহ নানা ক্ষেত্রে এ প্রকৌশল শাখা মানব সভ্যতায় যুগান্তকারী পরিবর্তন আনছে। তিনি আশা প্রকাশ করেন, এই কনফারেন্স গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি ও নতুন উদ্ভাবনের মাধ্যমে জ্ঞানের পরিধি বিস্তারে ভূমিকা রাখবে।

কনফারেন্স চেয়ার ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আধুনিক প্রকৌশল জ্ঞানের বৈশ্বিক বিনিময়ের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনে এ কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

 

অরগানাইজিং সেক্রেটারি ও ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট বলেন, আইসিএমএমপিই- ২০২৬ তরুণ গবেষকদের জন্য অভিজ্ঞ একাডেমিশিয়ান ও শিল্পখাতের উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। কনফারেন্সের প্রথম দিনে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাপানের সাগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিও মিয়ারা এবং টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমিচি ওবারা। এছাড়া অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিজিং ওয়াং এবং ইন্দোনেশিয়ার পলিটেকনিক পারকাপালান নেগারির ড. মুহাম্মদ আনিস মুস্তাগফিরিনসহ দেশ-বিদেশের খ্যাতনামা গবেষকরা বক্তব্য দেন।

 

দুইদিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, চীন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের মোট ১৯৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দেশ-বিদেশের শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করছেন।

 



সম্পর্কিত খবর