বিপিএলে রান পাচ্ছিলেন, তবে মনমতো হচ্ছিল না। আগের ১২ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম। তবে প্রয়োজনের দিন ঠিকই জ্বলে উঠল তার ব্যাট। আজ সুযোগ পেয়ে মিরপুরে দুর্দান্ত এক ছবিই আঁকলেন বাঁহাতি ওপেনার।
ব্যাটকে তুলি বানিয়ে ছবিটায় (ইনিংস) দারুণ সব আঁচড় দিলেন তানজিদ তামিম। মাঠের চতুর্দিকেই বল আছড়ে ফেললেন বাংলাদেশি ওপেনার। ১৬১.২৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ৬ চারে। তবে সেঞ্চুরি করার পর ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই আউট হন তানজিদ তামিম। তিন অঙ্ক স্পর্শ করে একটা কীর্তিও গড়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটার। তার আগে ফাইনালে সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।
কি কাকতালীয় তিনজনই বাঁহাতি ওপেনার। তানজিদ তামিমের ইনিংসটিতে অবশ্য চট্টগ্রামের ফিল্ডারদের বদান্যতা রয়েছে। তিনবার তাকে জীবন দিয়েছেন। ব্যক্তিগত ৩৫ রানে তার ক্যাচ ছাড়েন শরীফুল ইসলাম। বিপরীতে ৫৪ রানে আরেক বার তাকে জীবন দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিত চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানের বড় লক্ষ্য দিয়েছে রাজশাহী। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে শাহিবজাদা ফারহানের সঙ্গে ৮৩ রান যোগ করেন তানজিদ তামিম। ৩০ রানে শাহিবজাদা আউট হওয়ার পর কেন উইলিয়ামসনের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। তাতে চ্যালেঞ্জিং লক্ষ্য পায় রাজশাহী।