জাতীয়

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ জিসাস

জিয়া সাংস্কৃতিক সংগঠন- জিসাসের নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ উদ্যোগে গঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবে।

শনিবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জিসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জিসাস সভাপতি নাহিদ গুলনার ইভা। তিনি বলেন, "জিসাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মরহুম আবুল হাশেম রানার নেতৃত্বে প্রতিষ্ঠিত একটি সংগঠন। গত ৩২ বছর ধরে আমি এই সংগঠনের জন্য কাজ করেছি এবং আগামীতেও বিএনপির সহযোগী হিসেবে রাজপথে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।"

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো জিসাসকে সারাদেশে বিস্তৃত করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী করা। এই লক্ষ্য পূরণে আমি সবার সহযোগিতা চাই। ইনশাআল্লাহ, জিসাসকে একটি শক্তিশালী সাংগঠনিক অবস্থানে নিয়ে যাবো।"

সভায় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম বেগবান করতে বিভিন্ন পরামর্শ দেন। এসময় ভার্চুয়াল মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে জিসাসের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অভিনেত্রী রিনা খান। তিনি জিসাসের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সভা শেষে নাহিদ গুলনার ইভার নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।

নেতাকর্মীরা জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল হাশেম রানার স্মৃতি ও আদর্শ ধারণ করে জিসাসকে শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জিসাসের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।"

জিসাস নেতৃবৃন্দ তাদের সাংস্কৃতিক কর্মসূচি এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



সম্পর্কিত খবর