রংপুর

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি ফল প্রকাশ, পাসের হার ৫৭.৪৯%

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

 

আজ, বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) সকাল ১০টায় দিনাজপুর শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম।

 

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। অর্থাৎ, গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

 

এ বছর মোট ৬ হাজার ২৬০ জন পরীক্ষার্থী জিপিএ ৫ (অ+) পেয়েছে। জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ৭৭৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৪৮৬ জন।

 

চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম আরও জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি এবং শতভাগ পাস করা কলেজের সংখ্যা ১১টি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এবার ইংরেজিতে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তিনি নিশ্চিত করেন, এ বিষয়ে শিক্ষকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ফলাফল ঘোষণার সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরীসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে দিনাজপুর হলি ল্যান্ড কলেজের শিক্ষার্থীরা।



সম্পর্কিত খবর