দীর্ঘ ২০ বছর পর গাজীপুরে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলা ও মহানগরীর ওয়ার্ড পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামতে শুরু করেছে।
সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে ভাওয়াল রাজবাড়ী ময়দানে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের পেছনে এলইডি স্ক্রিন এবং পুরো মাঠ আধুনিক সাউন্ড সিস্টেমে সজ্জিত করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হচ্ছেন।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, “এই ঐতিহাসিক জনসভা সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে আজকের এই সমাবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক নতুন দিকনির্দেশনা দেবে।” জনসভাস্থলে অসুস্থ নেতাকর্মীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, জনসভাকে ঘিরে গাজীপুর শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ট্রাফিক নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা রক্ষায় মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।