রাজনীতি

দেশ রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: খন্দকার মোশাররফ

ছবি: রিয়াদ হাসান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার সরকার ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গেছে। অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সেখান (ভারত) থেকে ষড়যন্ত্র করছে। আজকে ছোটখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য যতরকমের ষড়যন্ত্র আছে, সবগুলো করা হচ্ছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের উদ্যোগে আয়োজিত ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। কিন্তু, আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন একটা সমস্যার সৃষ্টি করছে, কেন আমাদেরকে সারাবিশ্বে মানহানি করছে। এটার একটাই উদ্দেশ্য, সেটি হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা। 

তিনি আরও বলেন, আন্দোলনের ফসল আজকের সরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার নিরপেক্ষ সরকার। এই সরকারকে আমরা সমর্থন করি। এ সরকারকে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা উচিত। নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া উচিত।

সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, আজকে সকল পাঠ্যপুস্তকে সকল আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করা প্রয়োজন। সকল নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম উল্লেখ করা প্রয়োজন।     

তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।

বায়ান্ন/আরএইচ/একে



সম্পর্কিত খবর