বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনার মনে করেছেন হাসিনা পালিয়ে গেছে, শেষ, না। আমাদের সামনে আরও বেশিকাজ। নির্বাচনে শেষ হলেই কাজ শেষ নয়, গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত কাজ করতে হবে, আমাদের কাজ দীর্ঘসময়ের।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে’ তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। প্রতিটি কথা মেপে বলা দরকার। এমন কথা বলবেন না যাতে পতিতরা সুযোগ পেয়ে যায়। তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে।
তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, উনি কেন, কী বোঝাতে চাচ্ছেন? জানি না। গভীরতা কী? জানি না। এ সরকারকে তো আমরা সবাই সমর্থন দিয়ে যাচ্ছি। জনগণ সমর্থন দিচ্ছে। বিএনপি সমর্থন দিচ্ছে। তাদের কাজ একটা পরিবেশ তৈরি করা।
তথ্য উপদেষ্টার বক্তব্যের প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, উনি (তথ্য উপদেষ্টা) না বুঝে বলে থাকেন কোনো মত নেই। তবে, বুঝে বলে থাকলে তা প্রত্যাহার করতে হবে।
ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের আরও বেশি সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগের মিথ্যাচার-অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদসহ আরও অনেকে।