হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। কেউ যেন নেই পেয়াজকে থামাতে। গত বৃহস্পতিবার পযন্ত খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল ৯০-১০০ টাকা। আজ খুচরা বিক্রেতারা ২২০ থেকে কোথাও কোথাও ২৪০ টাকা পর্যন্ত বিক্রি করছে।
ভারত গত বৃহস্পতিবার এক আদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। আগামী বছরের মার্চ পর্যন্ত আর পেঁয়াজ রপ্তানি করবে না ভারত। শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব দেশের বাজারে পড়তে দেরি হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে।
নগরের বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ দাম বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা।
সকাল থেকে বন্দর নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, শুক্রবার রাত থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী।
হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। তারা বলছেন, ঘোষণা ছাড়াই হঠাৎ পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা।
রাতারাতি পেঁয়াজের এমন দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে এসে অনেকে পেঁয়াজ না কিনে ফিরে যাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে গলাকাটা দামে কিনে নিয়ে যাচ্ছেন।
বহদ্দার হাট কাঁচাবাজারে কথা হয় রমিজ নামে এক ক্রেতার সাথে তিনি বলেন, দুদিন আগেও দেশি পেঁয়াজ কিনলাম ১২০ টাকা করে। আজকে এসে দেখি সেটা ডাবল হয়ে গেছে। শুক্রবারও না কি ১৪০ টাকা কেজি ছিল শনিবার থেকে পেঁয়াজের দাম ২২০ টাকা পাড় হয়ে গেলো। রাতের মধ্যেই বেড়ে গেলো ১২০-১৪০ টাকা। এটা কেমন কথা? দেশে কী কোনো সরকার নেই?
খুচরা বিক্রেতারা বলছেন, প্রতি ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকাররা দেশি পেঁয়াজ ছাড়ছেই না। নগরের ষোলশহর বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী মো: বেলাল বলেন, গত কয়েক দিন ধরেই বাজারে পেঁয়াজের দাম বাড়তি। পাইকারি বাজারে আমাদের কেনাই বেশি পড়ছে। যে কারণে খুচরা বাজারে এর প্রভাবে পড়েছে। ভোরে খাতুনগঞ্জ থেকে বহু কষ্টে এলসির (ভারতীয়) দুই মণ পেঁয়াজ এনেছি। আমি পাইকারিতে কিনেছি ৭ হাজার ৬০০ টাকা মণ দরে। আনতে খরচ পড়ছে ৪০০-৪৫০ টাকা। এখন ২২০ টাকা কেজি না বেচলে তো লস।
খাতুনগঞ্জ এলাকার কয়েকটি পাইকারি দোকান ও বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ বিক্রয় হচ্ছে ২১০ টাকা এবং দেশি পেঁয়াজ আগের দিন ১৩০ টাকায় বিক্রয় হলেও তা গতকাল বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২২০ টাকায়।
চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পেঁয়াজ ব্যাবসায়ী রফিকুল বলেন, ভারত সরকার পেঁয়াজের রপ্তানি অনুমতি বন্ধ করে দেয় এমন খবরের পর থেকে পেঁয়াজের দাম কেজি ২০০ টাকা ছাড়িয়ে যায়।
চট্টগ্রাম মহানগরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসন। শনিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। নগরীর খাতুনগঞ্জ ও আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে খাতুনগঞ্জের বরকত ভান্ডারকে ২০ হাজার টাকা, এ এইচ ট্রেডার্সকে ১০ হাজার টাকা, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা, কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার এবং আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম সহ সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) সারাদেশে এ অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।