রাজনীতি

নরসিংদীর পলাশে শোডাউন কে কেন্দ্র করে বিএনপি -ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত ৩

নরসিংদীর পলাশে রাজনৈতিক শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থক ও উপজেলা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
 
রোববার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ ইসমাইল হোসেন ঘোড়াশাল পৌরসভার খানেপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পলাশ বাসস্ট্যান্ড থেকে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের হয়ে বিএডিসি মোড়ে পৌঁছালে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল নেতৃত্বাধীন আরেকটি মিছিলে মুখোমুখি হয়। হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
 
সংঘর্ষে গুলিবিদ্ধ হন ছাত্রদল কর্মী ইসমাইল। এ ছাড়া ধাক্কাধাক্কিতে বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন আহত হন।
 
খবর পেয়ে পলাশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ফজলুল কবির জুয়েলকে ভর্তি করা হয় নরসিংদী সদর হাসপাতালে।
 
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “জেলা বিএনপির এক নেতা নির্বাচনী এলাকায় শোডাউনে আসেন। এসময় ছাত্রদল কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
 
 
 
 

 

 
 


সম্পর্কিত খবর