নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছোটফেনী নদীতে ডুবে যাওয়া একটি বালুবাহী বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় এক শ্রমিকের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায় এবং অন্যজনের দুটি পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
আহতরা হলেন ডুবুরির সহকারী (হেলপার) মো. রাসেল (৩৭) এবং সারেং মো. সোহেল (৩৫)। তাঁরা যথাক্রমে ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ থেকে সোনাগাজী সড়কে সাহেবের ঘাট সেতুর নিচে ছোটফেনী নদীতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস আগে মুছাপুর ইউনিয়নের ছোটফেনী নদীর সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। বলগেটের মালিকপক্ষ বারবার ব্যর্থ হয়ে বুধবার দিবাগত রাতে বড় দুটি পল্টুন (ভেলা) ব্যবহার করে পুনরায় সেটি উদ্ধারের চেষ্টা চালায়।
উদ্ধারের একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে গেলে তা রাসেল ও সোহেলের শরীরে আঘাত করে। এতে:
মো. রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথার খুলির ওপরের চামড়া উঠে যায় এবং দুটি পা ভেঙে যায়।
মো. সোহেলের দুটি পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বলগেটের মালিক ও পল্টুনের কর্মকর্তাদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বলগেট ও পল্টুনের কাজের সঙ্গে সংশ্লিষ্ট অহিদ এই অভিযোগ নাকচ করে দাবি করেন, "এটি সংবাদ হওয়ার মতো কোনো বিষয় না।"
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তিশা ভট্টাচার্য জানান, রাতে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম-এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।