খুলনা

নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশি অস্ত্রসহ আটক ১১

নড়াইলে মামলার হাজিরা দিতে এসে আদালত চত্বরে আইনজীবীর চেম্বার থেকে ১১ জনকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো রামদা, দা ও চাপাতিসহ ১২টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ জানায়, তারা রোববার দুপুরে একটি মারামারির মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন। এ সময় তারা আদালত চত্বরের একজন আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। কী উদ্দেশ্যে তারা এসব ধারালো অস্ত্র নিয়ে আদালত চত্বরে এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালাতেই তারা অস্ত্রগুলো সঙ্গে রেখেছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ১১ জনকে দেশি অস্ত্রসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


সম্পর্কিত খবর