নড়াইল সদর উপজেলার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম মতবিনিময় করেছেন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার বক্তব্য তুলে ধরেন। জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা, মুক্তচিন্তা ও পরামর্শের ওপর গুরুত্বারোপ করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেসা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন সহ অনেকে।