রংপুর

পঞ্চগড়ে ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে ডিসিকে স্মারকলিপি

পঞ্চগড়ে ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে ভাঙচুর ও সেগুলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিবেশবান্ধব জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে এবারের মতো সাময়িক বিরতির দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়।

 

২১ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলার ইটভাটা মালিক ও শ্রমিকরা। এ সময় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, "মন্ত্রণালয়ের নির্দেশেই ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব ভাটার পাশে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ করা হবে। তবে যেগুলো জনবসতি বা প্রতিষ্ঠানের বাইরে রয়েছে সেগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনারা আপনাদের স্মারকলিপি জমা দেন, আমরা তা মন্ত্রণালয়ে পাঠাবো।"

 

স্মারকলিপি প্রদানের সময় বক্তব্য দেন ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহীন ইসলাম ও সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইটভাটা মালিক আব্দুল মান্নান, গোলাপ আজম গোলাপ, হাজী আনোয়ার হোসেন এবং ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় ২০-২৫ বছর ধরে মালিকরা এই ব্যবসা পরিচালনা করছেন। তাঁরা ভ্যাট-ট্যাক্সসহ সরকারের সকল প্রকার রাজস্ব প্রদান করছেন। বর্তমানে ইটের মৌসুম চলায় অধিকাংশ ভাটা চালু রয়েছে। এই অবস্থায় হঠাৎ অভিযান বা ভাটা বন্ধ করে দিলে মালিকরা চরম আর্থিক সংকটে পড়বেন। ভাটায় প্রচুর কাঁচামাল ও প্রস্তুত করা ইট রয়েছে, পাশাপাশি শ্রমিকদের মজুরিও বাকি। এসব দিক বিবেচনা করে উচ্ছেদ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানানো হয়।

 

এর আগে সকালে জেলার প্রায় ৩০টি ইটভাটার কয়েক হাজার শ্রমিক মহেন্দ্র ট্রাক্টর নিয়ে পঞ্চগড় চিনিকল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে মালিকরা পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে দেখা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

 


সম্পর্কিত খবর