প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। তিনি বলেন, আমরা চিরস্থায়ী নই। এটি অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এবং পৃথিবীর সব দেশেও এটি প্রমাণিত। ঠিক একইভাবে জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো পদও কারো জন্যই চিরস্থায়ী নয়।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকারভাবে জনবান্ধব বাহিনী হিসেবে রূপ দিতে চায়।
তারেক রহমান বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু স্লোগান নয়, এটি বাস্তবায়নের আকাঙক্ষা সরকারের।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।