কুষ্টিয়ায় পরকীয়া প্রেমের জেরে দ্বিতীয় স্ত্রী ও তার আগের পক্ষের শিশু সন্তান এবং স্ত্রীর বন্ধু কে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা মামলার একমাত্র আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (বরখাস্ত) সৌমেন রায় (৩৪) কে মৃত্যুদন্ড ও এক লক্ষটাকা জরিমানা দিয়েছেন আদালত।
রোববার ১১ ফেব্রুয়ারী বিকেলে জেলা ও দায়রাজজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ রুহুল আমীন এ রায় প্রদান করেন বলে নিশ্চিত করেন জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডঃ অনুপ কুমার নন্দী।
সৌমেন রায় মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আসবা গ্রামের সুনীল রায়ের ছেলে। তিনি কুষ্টিয়া ইবি থানা ও কুমারখালী থানার অন্তর্গত বিভিন্ন ফাঁড়িতে কর্মরত ছিলেন। সর্বশেষ খুলনার ফুলতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন আনুঃ ১২ টার সময় কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকার তিনতলা নাজ ম্যানশন মার্কেটের স্বাধীন কম্পিউটার দোকানের গলির মধ্যে স্ত্রী আসমা খাতুন (২৫), আসমার আগের পক্ষের ছেলে রবিন (৫) এবং আসমার বন্ধু শাকিলকে (২৮) সরকারি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন রায়। এ সময় স্থানীয় মানুষ তাকে আটক করে।
এ ঘটনায় পুলিশ তাকে ঘটনাস্থল থেকে সার্ভিস রিভলভার, গুলি ও ম্যাগাজিনসহ আটক করে।
একইদিন রাতে এএসআই সৌমেন রায়কে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন নিহত আসমা খাতুনের মা হাসিনা বেগম। পরদিন ১৪ জুন বিকেলে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হকের আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সৌমেন রায়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহন করেন বিজ্ঞ আদালত। স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহনের পর ২০২২ সালের ৬ নভেম্বর হাইকোর্টেে জামিন পান। জামিন কে কেন্দ্র করে জেলা জুড়ে সমালোচনার ঝড় ওঠে। তিনটি হত্যা করে রায়ের দ্বারপ্রান্তে কিভাবে জামিন পান সে বিষয়ে সবাই বিস্ময় প্রকাশ করেন। কথিত আছে সৌমেন রায় আদালতের জামিন পেয়ে ভারতে পালিয়ে যান। বিষয়টি সত্যতা পায় সৌমেন কুষ্টিয়া আদালতে একাধিক মামলার দিনে তিনি হাজিরা দেননি। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারী আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির একবছরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যার্থ হয়।
এর আগে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার আসামি সৌমেনের বিরুদ্ধে ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে ১১ ফেব্রুয়ারী আদালতের বিচারক মামলার আসামিকে মৃত্যুদণ্ড আদেশ দেন। রায়ের সময় একমাত্র আসামি সৌমেন রায় আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বাদী হাসিনা বেগম বলেন, আমার মেয়ে, তার শিশু সন্তান রবিন ও শাকিল নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সৌমেন। অদৃশ্য ও অবিশ্বাস্য কারনে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে ভারতে পালিয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ডের একমাত্র আসামিকে জামিন দেওয়ায় আমি। রায় প্রকাশ হলেও কার্যকর নিয়ে সংশয় আছে আমার। তবে আদালত সৌমেনকে মৃত্যুদণ্ড দেওয়ায় আমি খুশি। তাকে দ্রুত গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
তিনজনকে গুলি করে হত্যা মামলার আসামি সৌমেন রায়ের জামিন নিয়ে লাপাত্তা হওয়ার বিষয়ে এ্যাডঃ অনুপ কুমার নন্দী বলেন, জামিন পাওয়ার অধিকার প্রত্যেকেরই রয়েছে। কিন্তু চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলায় স্বীকারোক্তি দেওয়ার পরও আসামির জামিন পাওয়াটা অস্বাভাবিক। এমন চাঞ্চল্যকর মামলার আসামির জামিনের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত।
প্রসঙ্গত, কুমারখালী থানায় দায়িত্বে থাকার সময় এএসআই সৌমেনের সঙ্গে একটি মামলাকে কেন্দ্র করে আসমার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় সৌমেন তার নাম মো. সুমন হোসেন রাখেন এবং সুমন নামেই মুসলিম বিধানমতে আসমাকে বিয়ে করেন। সৌমেন আসমার তৃতীয় স্বামী ছিলেন। বিয়ের পর থেকেই কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় একটি ভাড়া বাসায় তারা বাস করছিলেন।
এএসআই সৌমেন খুলনার ফুলতলা থানায় বদলি হওয়ার পর থেকেই নিহত আসমার সাথে সৌম্যনের দুরত্ব তৈরী হয়। আসমা খুলনায় যাওয়ার জন্য সৌমেনকে চাপসৃষ্টি করতে থাকে। কিন্তু সৌমেন তার প্রথম স্ত্রীর ভয়ে আসমাকে খুলনা নিয়ে যেতে গড়িমসি করে। একপর্যায়ে আসমার জোড়াজুড়িতে সৌমেন আসমা ও তার আগের পক্ষের সন্তান রবিন কে খুলনা নিয়ে যাওয়ার কথা বলে শহরের কাস্টমস মোড় এলাকায় নিয়ে গিয়ে একটি মার্কেটের ভিতর নিয়ে গিয়ে গুলি করে আসমা, আসমার ছেলে রবিন ও আসমার বন্ধু বিকাশ কর্মী শাকিলকে হত্যা করে। করোনা ভাইরাস চলাকালীন সময়ে রাস্তায় মানুষ কমছিলো বলে সৌম্যেন সুযোগ কাজে লাগাতে পারে। তবে গুলির শব্দে স্থানীয় কয়েকজন যুবক সৌম্যেন কে আটক করলে সে তাদের উপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার সাক্ষী সুজন রহমান বলেন, আমাদের সামনে গুলি করে নৃশংসতা ভাবে হত্যা করে। এমন আসামি কোর্টের জামিন নিয়ে পালাতক থাকায় হতাশ আমরা। দ্রুত আসামিকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার অনুরোধ জানান তিনি।