কুষ্টিয়া মিরপুর উপজেলায় বেশীরভাগ ইট ভাটা মানছে না নিয়ম কানুন। টিএএমবি ইট ভাঁটাটি ইট তৈরী ও স্থাপনা আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মত কৃষি জমি, পরিবেশ সংকটাপন্ন এলাকায় টিএএমবি ব্রিকস স্থাপন করেছে। আর এই টিএএমবি ইট ভাঁটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে মূল্যবান বনজ ও ফলজ গাছ। ভাটার ধোঁয়া, ধুলা ও আগুনের তাপে ধংশ হচ্ছে নিকটতম সবুজ কৃষি মাঠ, বনজ সম্পদ ও বৃহত্তর এলাকার ফলজ গাছ।
মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারি সুতাইল গ্রামে টিএএমবি ব্রিকস নামে এই ইট প্রস্তুককারী ভাঁটায় দিন রাত অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ইট ভাঁটাটি ফসলি জমির মাঝখানে স্থাপন করা হয়েছে। ইট তৈরি, জ্বালানি সহ কোন নিয়মনীতি মানা হচ্ছে না। প্রতিদিন প্রায় ১০০ মন কাঠ পোড়ানো হচ্ছে। ভাঁটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকের ফসল, বিপন্ন হচ্ছে পরিবেশ।
সরেজমিনে দেখা যায়, টিএএমবি ভাঁটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠের গুলি। হাজার হাজার মন কাঠের গুলি ভাঁটার চারপাশে প্রকাশ্যে রাখা আছে। কৃষি জমির মাটি এনে তৈরী হচ্ছে ইট।
ভাটার সহকারী ম্যানেজার মনির জানান, 'টিএএমবি ব্রিকসে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার ইট তৈরী হয়। এই ইট প্রস্তুত করতে প্রতিদিন গড়ে ১০০ মন কাঠের প্রয়োজন হয়।' এই কাঠের সবটুকুই সরবরাহ করে স্থানীয় গাছ ব্যবসায়ী। খোজ নিয়ে জানাগেছে কাঠ গুলো ব্যক্তিমালিকানাধীন বেসরকারী ভাবে সরবরাহ করা হয়। আবার স্থানীয়রা অভিযোগ করেন রাস্তার পাশে, জিকে ক্যানেল পাড়ে, রেললাইন এর পাশে বিভিন্ন স্থানে সরকারি গাছগুলো রাতের আধারে প্রভাবশালীদের ছত্রছায়ায় কেটে এনে ভাঁটায় বিক্রি করে। একদিকে ভাঁটার ধোয়া, আগুনে কৃষক আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছেনা। অন্যদিকে ভাঁটায় সরবরাহ করা মাটি, কাঠ এর জন্য জমির উর্বরতা ও বনজঙ্গল ধংশ হয়ে বিনষ্ট হচ্ছে পরিবেশ। এগুলো দেখার জন্য পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রশাসন সহ সবাই নিরব। কেউ কোন পদক্ষেপ গ্রহন করে না।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মিরপুরে যদি কোন অবৈধ ইট ভাঁটা থাকে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।