অবশেষে বিএনপিসহ ২০ দলীয় জোট ছাড়াই আগামী ০৭ই জানুযারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যান্য সংসদ নির্বাচনের চেয়ে অনেকটা ভিন্ন আমেজে চলছে প্রচার প্রচারণা। কেননা এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রতিপক্ষ দলীয় নমিনেশন না পাওয়া আওয়ামীলীগই। যদিওবা অপেক্ষাকৃত ছোট কয়েকটি রাজনৈতিকদল অংশ নিলেও মূল লড়াইটা হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেই। ইতোমধ্যে ফুলবাড়ীয়ায় ‘নৌকা’ প্রতীকে দলীয় নমিনেশন পাওয়া ব্যক্তির চেয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়ার মতো। তবে আগের নির্বাচন থেকে এবার সবচেয়ে মুখ্য বিষয়টি হলো ভোটার উপস্থিতি। অতি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কয়েকটি নির্বাচনে ভোটার খড়া দেখা গিয়েছে। যা প্রভাব ফেলতে পারে এই জাতীয় নির্বাচনেও। একদিকে ভোটার খড়া অন্যদিকে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভোট বর্জন এসব মিলিয়ে চা এর দোকান, অলি গলিতে চলছে হিসাব নিকাশ। প্রার্থীরাও ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে নিচ্ছেন নানা ধরনের উদ্যোগ। তবে শেষ পর্যন্ত কত ভোটার উপস্থিতি করানো যায় সেটিই এখন দেখার বিষয়!
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসন। এ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। পুরুষ ভোটার এক লাখ ৯৪ হাজার ৪৪২ ও মহিলা ভোটার এক লাখ ৯১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে দুই জন হিজড়া ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ১২১টি ও ভোট কক্ষ রয়েছে ৮৫৭টি।
প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট, পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেক সরকার স্বতন্ত্র প্রার্থী ( ট্রাক) , সেলিমা বেগম সালমা (ঈগল), জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল (লাঙ্গল), জাতীয় পার্টি নেতা ডা. খন্দকার রফিকুল ইসলাম (ডা. কেআর ইসলাম) (কেটলী), কৃষক শ্রমিক জনতা লীগের প্রিন্সিপাল আব্দুর রশিদ (গামছা) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।