জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ফের সাত দিনের চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া।
ওই আবেদনে উল্লেখ করা হয়, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিলেও ঘটনা সম্পর্কে ব্যপক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার মূল রহস্য উদঘাটন,ব্যবহৃত অস্ত্র উদ্ধার, অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে আরো সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এদিকে, আসামি পক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল, আব্দুল আল মনসুর রিপন, মাহবুবসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে শুনানি করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামির দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।