বুধবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মিতু আকতার(৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি স্বামীর সঙ্গে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় ওই নারীর স্বামী মটরসাইকেল চালক আব্দুল মজিদ আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে ও থানা পুলিশ জানায়, মিতু আকতার ও আব্দুল মজিদ দম্পতির গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। তারা শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুনপাড়া এলাকায় থাকেন। আব্দুল মজিদ অবসরপ্রাপ্ত সেনাসদস্য। রাত সাড়ে ৯ টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথে মাঝিড়া সেনানিবাসের চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেলে ওই দম্পতি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পার হচ্ছিলেন। ঢাকার দিকে যাওয়া একটি আমবাহী মিনি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মিতু আকতার নিহত হন। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।