বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় হাম ও ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে রোগীদের মাঝে কম্বল ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু হানিফের উদ্যোগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর জন্য এই বিশেষ মেডিকেল ক্যাম্প গঠন করা হয়।
ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ২৫টি কম্বল বিতরণ করা হয়। একইসাথে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ডায়রিয়া প্রতিরোধক ওষুধ এবং জিংক সিরাপ সরবরাহ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অস্থায়ী এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুর্গম এলাকার রোগীরা প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন, যা স্থানীয় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার স্বাস্থ্যঝুঁকি কমে আসবে।