বরিশাল

বাউফলে জলবায়ু সহিঞ্চু কৃষি ও মৎস্য চাষে গুরুত্বারোপ

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় প্রান্তিক কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ও মৎস্য চাষ বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

 

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা ‘স্পিড ট্রাস্ট’ এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। ‘টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র গ্রামীণ প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন’ কর্মসূচির আওতায় বাউফল, চন্দ্রদ্বীপ ও নাজিরপুর ইউনিয়নের ৩৫ জন কৃষিজীবী প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

 

ওরিয়েন্টেশনে বক্তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় লবণাক্ততা সহিঞ্চু কৃষি পদ্ধতি, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলমহাল ইজারা গ্রহণে জনসমবায় গ্রুপগুলোর ভূমিকা এবং অভিজ্ঞতা বিনিময় করা হয়।

 

স্পিড ট্রাস্টের মিশন হেড শামসুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সমবায় পরিদর্শক মো. ইকবাল হোসেন, প্রাণিসম্পদ ফিল্ড অফিসার রাখিয়া রহমান এবং মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান ও মো. সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন ভলান্টিয়ার সালমা বেগমসহ বিভিন্ন যুব ও সমবায় দলের নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর