বরিশাল

বাউফলে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে ৩ ডিলারের জরিমানা

কৃষকের কাছ থেকে সরকারনির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় তিন সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বগা বন্দর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন প্রফাঁদ (ট্র্যাপ কেস) বা ছদ্মবেশী বিশেষ অভিযানের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী কয়েকজন কৃষককে সার কিনতে পাঠানো হয়। এ সময় দেখা যায় বিসিআইসির এক মূল ডিলার ও দুই খুচরা ডিলার সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন—মেসার্স আঁখি এন্টারপ্রাইজ (১০,০০০ টাকা), মেসার্স হারুন স্টোর (২,০০০ টাকা) এবং কবির হোসেন (২,০০০ টাকা)।

এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন ও বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন।

অভিযান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, "আসন্ন বোরো মৌসুম সামনে রেখে কৃষক যেন কোনোভাবেই সিন্ডিকেটের কাছে জিম্মি না হন এবং ন্যায্যমূল্যে সার পান, সে জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

 


সম্পর্কিত খবর