রাজশাহী

বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন হোসেন (৩০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের আওতাধীন আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

নিহত লাইনম্যান মো. রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে ‘লাইনম্যান গ্রেড-২’ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান জানান, রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন আত্রাইয়ের বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার বিকেল থেকেই রাণীনগর জোনাল অফিসের একটি দল সেখানে লাইন মেরামতের কাজ করছিল। রাত ৮টার দিকে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান রতন হোসেন গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


সম্পর্কিত খবর