খুলনা

বাবার কুলখানি না করায় ব্যঙ্গ করে চাচাতো ভাই, অতঃপর কুপিয়ে ও পিটিয়ে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের পবহাটিতে মুরাদ হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, গত শনিবার মুরাদ হোসেনের পিতা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যঙ্গ করে বলেন, 'ভিক্ষা করে দোয়ার আয়োজন করো'। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে থাকা অবস্থায় তার চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র সহকারে মুরাদের উপর হামলা করে। সে সময় মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত (যখম) করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শোনামাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 


সম্পর্কিত খবর