বরগুনার বামনাতে খেঁজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। প্রতিদিন ভোর বেলায় গাছিদের কাছে খেঁজুরের রস খাওয়ার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। অনেকেই খেঁজুরের রস সংগ্রহ করেন সু-স্বাধু পাটুলি গুড়ের জন্য।
বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। এক একটি ঋতুর রয়েছে এক একটি বৈশিষ্ট্য। তেমনি একটি ঋতু শীত। হেমন্তের পরেই এই ঋতুর দেখা মিলে। এই শীত কালেই পাওয়া যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খেজুর গাছের রস। শীতের সকালে মিষ্টি রোদে বসে বসে এই সুস্বাদু খেজুর গাছের রস খাওয়ার মজাই আলাদা। শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমনের শুরু থেকেই খেজুর রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছে গাছিরা। বেড়েছে অযত্নে-অবহেলায় পড়ে থাকা খেজুর গাছের কদর। হেমন্তের মাঝামাঝি খেজুর রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন অনেকেই। খেজুর গাছ সঙ্কটের কারণে প্রতি বছরের মতো এ বছরও চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করেছেন গাছিরা।
উপজেলার বামনা সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছি মোঃ শহিদ খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। রস সংগ্রহের জন্য খেঁজুর গাছের মাথার দিকে সাদা অংশ কেটে গাছের ডগার দিকের কাণ্ড চেঁছে তাতে একটা বাঁশের কঞ্চি দিয়ে চোঙ বসিয়ে দেওয়া হয়। রস সংগ্রহের জন্য মাটির কলসি ও প্লাস্টিকের বোতল ঝুলিয়ে রাখা হয়। বাদুড়ের সংস্পর্শ এড়াতে রস সংগ্রহের স্থানে বাঁশের বেড়া দিয়ে প্রতিরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
গাছি মোঃ শহিদ বলেন, প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে গাছ থেকে মাটির কলসি ও প্লাস্টিকের বোতল থেকে রস সংগ্রহ করে থাকি। শীত মৌসুমে কাঙ্খিত রসের সন্ধান পাচ্ছি না। গ্রামে দিন দিন কমে যাচ্ছে খেঁজুর গাছের সংখ্যা। খেঁজুর গাছ সংরক্ষণের জন্য সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মৌসুমের মাঝামাঝি সময়ে পিঠা-পুলি ও পায়েসে খেঁজুর রস ও গুড়ের দাম বৃদ্ধি পাওয়ায় সে সময় আমাদের লাভ একটু বেশি হয়। যে পরিমাণে শ্রম দিতে হয়, সে তুলনায় আমরা লাভ করতে পারি না। তবুও পেশাগত কারণে চালিয়ে যাচ্ছি এই ব্যবসা।
খেঁজুরের গাছ কম থাকায় এখন শুধু রস বিক্রি করা হয়ে থাকে। খেঁজুরের রস খেতে যারা আগ্রহী তারা ভোর হওয়ার সাথে সাথেই ছুটে আসেন কলাগাছিয়া গ্রামে। প্রতি গ্যাস রসের দাম ২০ টাকা ও প্রতি লিটার ৮০ টাকা।
এ প্রসঙ্গে কলাগাছিয়া গ্রামের বাসিন্দা আলামিন আকন জানান, এক সময় আমাদের গ্রামে অনেক খেঁজুর গাছ ছিল। গাছ গুলো থেকে প্রচুর রস কিনতে পাওয়া যেত। খেঁজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ার কারণে এটি এখন বিলুপ্ত হতে যাচ্ছে। খেঁজুর গাছ রক্ষায় যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।