ঘুরে ফিরে খুব অস্বাস্থ্যকরই থাকছে রাজধানী ঢাকার বাতাস । এবার শীতের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। আজ সকালেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৫২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
রাজধানীবাসীর জন্য বাতাসের এই মানও খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ২০৪ স্কোর নিয়ে খুব অস্বাস্থ্যকর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি।
এদিকে, ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের শহর ‘লাহোর। নাগরিকদের জন্য বাতাসের এই মানও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। এরমধ্যে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে।
বায়ান্ন/এসএ