পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ মজিদ বলেছেন, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, তবে জামায়াতে ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াত ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল এবং বিএনপি ক্ষমতায় আসার পর 'স্বাধীনতা বিরোধী এই মুনাফেকের দলকে' আবারও নিষিদ্ধ করা হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে হাড়িভাসা ইউনিয়ন যুবদলের আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম. এ মজিদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে দুটি দল নিষিদ্ধ হয়েছে—একটি জামায়াতে ইসলামী, অন্যটি আওয়ামী লীগ। তিনি দাবি করেন, ৫৪ বছরে জামায়াত দুইবার এবং আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে।
তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রতি নরম সুর পোষণ করে বলেন, যারা আওয়ামী লীগ করেন, সবাই খারাপ নন। সব দলেই ভালো-মন্দ মানুষ থাকে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিতে চান, তাদের সাদরে গ্রহণ করা হবে।
হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে এম. এ মজিদ বলেন, আওয়ামী লীগকে আপনারা বহুবার ভোট দিয়েছেন। কিন্তু তারা আপনাদের জমি-বাড়ি দখল করেছে, ব্যবহার করেছে—কোনো প্রতিদান দেয়নি। তিনি হিন্দু সম্প্রদায়কে বিএনপির সঙ্গে আসার আহ্বান জানিয়ে বলেন, "আমরা প্রমাণ করব হিন্দু-মুসলমান ভাই ভাই—আমরা একসাথে থাকতে চাই।"
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ময়নুল ইসলাম মুন্নার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।