রাজনীতি

বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ করা যাচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন ও নির্যাতন দেখেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারও শহীদের আত্মত্যাগের ফলে গণতন্ত্রকামী মানুষ কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে মুক্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয়।

তারেক রহমান বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। কিন্তু আমরা লক্ষ করছি যে, এই নির্বাচন নিয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর মন্তব্য এবং নিত্যনতুন শর্ত জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে— এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকানোর মতো অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। তারা নির্বাচনী ব্যবস্থাকেও গত ১৬ বছর ধরে ধ্বংস করে দিয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয়, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

 



সম্পর্কিত খবর