দেশের খবর

বৃষ্টির পানিতে ভাসছে পাকা ধান, বেকায়দায় কৃষকরা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ৫টি ইউনিয়নের পাকা-আধা পাকা বোরো ধান সহ সব্জি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অতিমাত্রায় ভারি বৃষ্টির কারণে জমিতেই ভাসছে কৃষকের স্বপ্নের সোনালি পাকা ধান। আবার এই বৃষ্টির পানিতে শতশত হেক্টর জমির পাকা ধান তলিয়ে পচে তা নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ১০০০ (এক হাজার) টাকা দিনমজুরিতেও মিলছে না ধান কাটার শ্রমিক। ফলে চোখে-মুখে হতাশা আর চরম দুশ্চিন্তায় পড়তে হচ্ছে কৃষকদের।

উপজেলার বড়তারা ইউনিয়নের কাচাকুল,কেশুরতা, পাঠানপাড়া, হোপ, টাউসারা, বড়তারা ঘুরে দেখা যায়, হাঁটু পানিতে নেমে ধান কাটছে কৃষকরা। আবার কেউ কাটা ধান রাস্তার উঁচু স্থানে তুলছে, আবার কেউ কাটা ধানগুলো পানিতে ভাসমান অবস্থায় ছড়িয়ে থাকা একত্রে করছে, আবার কেউ কেউ ধান মাড়াই করছে। এছাড়া দীর্ঘদিন ধান পানিতে ন্যুয়ে পড়ায় চারাও গজিয়েছে।

ক্ষেতলাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,  উপজেলায় মোট ১০ হাজার ৫১৬ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। ৫০ ভাগ নিচু জমিতে বৃষ্টির পানি প্রবেশ করেছে এবং বাতাসের কারণে শুয়ে পড়েছে।

এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া মাঠের ধান নিয়ে চরম বেকায়দায় পড়েছেন কৃষকরা। প্রতিনিয়ত ঝড়ো বৃষ্টি ও বাতাসে ক্ষেতের ধান মাটিতে শুয়ে পড়েছে। তার মধ্যে আবার  ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ হওয়ায় ক্ষেতগুলোতে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, কাটা ধানগুলো মাড়াইয়ের পর ভেজা ধান শুকানো নিয়েও রয়েছে বেশ দুর্ভোগ। বৃষ্টির কারণে বাড়ির উঠুনেও কাঁদা হয়। সড়কেও ধান শুকাতে পারছেন না তারা।

উপজেলার কাচাকুল গ্রামের মোঃ ফজলুর রহমান বলেন, ‘পাকা ধান পানির নিচে হাবুডুবু খাচ্ছে। ৮০০ থেকে ৯০০ টাকায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। গত ২ দিনের বৃষ্টির পানিতে ধান তলিয়ে গেছে। শ্রমিক না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া একজন শ্রমিক দিনে ১ মণ ধান কাটতেও পারে না পানির কারণে। এমন অবস্থায় ১ মণ ধানে ১ জন শ্রমিক নিয়েও বিপাকে। কিন্তু অনেকটা বাধ্য হয়ে দ্রুত ধান কাটার জন্য সিরিয়াল দিয়ে শ্রমিক নিতে হচ্ছে।’

ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ইতোমধ্যে ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। বাকি ধান কাটার অপেক্ষায় ছিল। তবে ২ দিনের বৃষ্টি আর রেমালের প্রভাবে কিছু ধান শুয়ে পড়েছে। কিন্তু ধানের  ক্ষতি হয়েছে কিছুটা। তারপরও ধান কাটা অব্যাহত রয়েছে। আবহাওয়া ভালো হওয়ার পাশাপাশি কৃষকরা বৃষ্টি উপেক্ষা করে যদি ধান কাটতে পারে, তাহলে আগামী ১০-১২ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।



সম্পর্কিত খবর