বেনাপোলের পুটখালী সীমান্তে টহলরত অবস্থায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সিপাহী মোজাম্মেল হক ঘটনাস্থলেই প্রাণ হারান। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক হাবিলদার, যাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে সীমান্ত টহল চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটে। টহলরত অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে সিপাহী মোজাম্মেল হক গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা হাবিলদারও মারাত্মকভাবে আহত হন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, রাতের সীমান্ত টহলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের এক সিপাহী নিহত এবং একজন হাবিলদার গুরুতর আহত হয়েছেন। আহত সদস্যকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।