খুলনা

বেনাপোলে প্রায় ২ কোটি টাকার সোনার বারসহ আটক মনিরুজ্জামান দুই দিনের রিমান্ডে

যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ আটক হওয়া আসামি মনিরুজ্জামানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার (১৫ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলেও, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আটক মনিরুজ্জামান বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এ সময় টহল দলের সদস্যরা মনিরুজ্জামানকে নয়টি সোনার বারসহ আটক করে।

 

উদ্ধার হওয়া এই সোনার বারের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এরপর আসামি মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বুধবার শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।



সম্পর্কিত খবর