খুলনা

বেনাপোলে বিএনপির বিশাল আনন্দ মিছিল: তারেক রহমানকে স্বাগত জানিয়ে রাজপথ প্রকম্পিত

যশোরের বেনাপোলে ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত এক বিশাল আনন্দ মিছিল বের করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বেনাপোল বল ফিল্ড থেকে এই মিছিলটি শুরু হয়। যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলটি বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বল ফিল্ডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও কুদ্দুস আলী বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওনসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, দেশের আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

 


সম্পর্কিত খবর