খুলনা

বেনাপোলে রেলওয়ের সেবার মানোন্নয়নে ডিআরএম-এর উপস্থিতিতে গণশুনানি

বাংলাদেশ রেলওয়ের সেবার মান বৃদ্ধি এবং যাত্রীদের সরাসরি অভিযোগ ও পরামর্শ শোনার উদ্দেশ্যে বেনাপোল রেলওয়ে স্টেশনে এক বিশেষ ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) তত্ত্বাবধানে বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় এ সভার আয়োজন করা হয়। বেনাপোল রেলওয়ে স্টেশনের নবাগত স্টেশন মাস্টার আইনাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. লিয়াকত শরীফ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. ময়েন উদ্দীন সরদার, ডিইএন-১ মো. হানিফ হোসেন, ডিটিও হাসিনা আক্তার, ডিসিও গৌতম কুমার কুণ্ডু, ডিইই রিফাত শাকিল, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন এবং যশোর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে রেলওয়ে ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোর্তজা আহম্মেদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন এবং শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান।

 

গণশুনানিতে বক্তারা বলেন, ভারতের পেট্রাপোলের সঙ্গে যুক্ত থাকায় বেনাপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি, ট্রেনের সময়ানুবর্তিতা ও বগির পরিবেশ নিয়ে অভিযোগ শোনার জন্য রেল কর্তৃপক্ষকে সরাসরি কাজ করতে হবে। রেলের উন্নয়নে নাগরিকদের সৃজনশীল পরামর্শ গ্রহণ করে নিয়মিত এমন আয়োজন করার আহ্বান জানান তারা। এ সময় পণ্য পরিবহন ও খালাসে ধীরগতি রোধে অতিরিক্ত পণ্যবাহী ট্রেন চালুর দাবি জানান এ কে এম আতিকুজ্জামান সনি এবং শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার তাগিদ দেন মো. সহিদ আলী।

 

পণ্য পরিবহন ও শ্রমিকদের দাবি শোনার পর পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. লিয়াকত শরীফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি টিকিট কালোবাজারি রুখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, প্রতিটি স্টেশনের দৈনিক কাজের রিপোর্ট ছবিসহ জমা দেওয়া এবং খাবারের দাম বেশি রাখলে ক্যাটারিং ঠিকাদারের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেন। এছাড়া রেলওয়ে পুলিশ ও আরএনবিকে বগির ভেতরে নিয়মিত টহল দেওয়ার নির্দেশনাসহ স্টেশন মসজিদের জন্য একটি কার্পেট দেওয়ার সিদ্ধান্ত জানান।

 


সম্পর্কিত খবর