খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। একই সঙ্গে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুই দিন বন্ধ শেষে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় এই বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়ে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টদের ইতিমধ্যে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শনিবার সকাল থেকে পূর্বের ন্যায় সব কার্যক্রম সচল হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, বৃহস্পতিবার বড়দিনের সরকারি সাধারণ ছুটির কারণে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে না এবং কোনো পণ্য খালাস হবে না। তবে এদিন আগে থেকে বন্দরে অবস্থানরত ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, বড়দিন বা অন্য যেকোনো ছুটির কারণে বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা এলেও ইমিগ্রেশনের কার্যক্রম সব সময় সচল থাকে। ফলে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।