খেলাধুলা

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

 

মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।  একজন পরিচালক বললেন, ‘আজ দুপুর ১টায় আমরা ১৭ জন পরিচালক অনলাইনে একটি বৈঠকে বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আইসিসিকে আরেকটি মেইল দেওয়ার। আমরা জানিয়ে দিয়েছি ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। যেহেতু তারা আমাদের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, গোটা দলের নিরাপত্তা কিভাবে দেবে? এখান থেকে অনেকেই খেলা দেখতে যাবে, সাংবাদিকরা যাবেন। সবার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। আমরা ভারতে খেলতে যাব না।

 

খেললে শ্রীলঙ্কায় খেলব।’ এর আগে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা। যেখানে একজনকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে গোটা দলের নিরাপত্তা নিয়ে জনমনে জাগে শঙ্কা।

 



সম্পর্কিত খবর