আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪টি আসনের ২৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। এসময় ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলালের হাতে ট্রাক প্রতীক তুলে দেন তিনি। প্রতীক বরাদ্দের পরে ঝিনাইদহ শহরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম দুলাল সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. আজাদুর রহমান, মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখান থেকে ট্রাক প্রতীকের এই প্রার্থী রওনা হন নিজ নির্বাচনী এলাকায়। প্রথমে প্রধান নির্বাচনী কার্যালয়ে ট্রাক প্রতীকে ভোট দিতে সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শিকদার মোশাররফ হোসেন সোনা ও তার সহধর্মিণী প্রয়াত শেফলী বেগমের কবর জিয়ারত করতে রওনা হন উপজেলার হাকিমপুর ইউনিয়নের নলখোলা গ্রামে। এরপর তিনি বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।