রাজনীতি

ভোটের নতুন জরিপে এগিয়ে বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের নতুন একটি জরিপ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভিশন। এতে সুস্পষ্ট ব্যবধানে বিএনপি এগিয়ে রয়েছে। এর পরের অবস্থানেই আছে জামায়াতে ইসলামী। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে থাকলেও নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তেমন কোনো অবস্থান নেই। তবে জাতীয় পার্টির অবস্থান আরও তলানিতে।  

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ইনোভিশন কনসাল্টিং ফার্ম ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে।

 

জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

 

জরিপের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬ শতাংশ ভোট পাবে বিএনপি। জামায়াতে ইসলামী পাবে ৩৩.৫ শতাংশ এবং ৪.৭ শতাংশ ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টিকে ২.১ শতাংশ ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন।

 

 তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ১৮.৮০ শতাংশ ভোট পেতে পারে। এক্ষেত্রে বিএনপি ৩৯.১ শতাংশ, জামায়াত ২৮.১ শতাংশ, এনসিপি ৪.১০ শতাংশ ভোট পেতে পারে। 

 

জরিপ বলছে, আওয়ামী লীগের ২০ শতাংশ ভোটার বিএনপিকে, ১৪.৮ শতাংশ জামায়াতকে এবং ২.১ শতাংশ ভোটার এনসিপিকে ভোট দিতে আগ্রহী। 

 

পরবর্তী সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির। ৩৯.১ শতাংশ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে ২৩.৩ শতাংশ ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে। ১২.১ শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। আর নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন ৩.৮ শতাংশ ভোটার।

 

বিভাগভিত্তিক জরিপের ফলাফলে দেখা যায়, ৬টি বিভাগে বিএনপি এগিয়ে আছে। অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত, বরিশাল বিভাগে আওয়ামী লীগ এবং চট্টগ্রাম বিভাগে এনসিপি এগিয়ে আছে।

 

জরিপটির মোট নমুনা আকার ছিল ১০ হাজার ৪১৩ উত্তরদাতা। এর মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামের এবং ৩০.৫ শতাংশ শহুরে, তারা ভোট দেওয়ার যোগ্য। নমুনা কাভার করেছে আটটি বিভাগের ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট।

 



সম্পর্কিত খবর