ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। শুক্রবার ভোররাতে ওই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শকের বানু (৫০) ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইখলাসকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সাংবাদিক মশিউর রহমান টিংকু জানান, ইখলাস দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। প্রায়ই তিনি তার বৃদ্ধা মায়ের কাছে টাকা দাবি করতেন। রাতে মায়ের কাছে টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে ভোররাতে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান ইখলাস। সকালে নিহতের ছোট ছেলের বউ খাবার দিতে গেলে বিছানায় রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান, অভিযুক্ত ইখলাসকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।