চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও কৃষি সচিবকে স্মারকলিপি প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং ‘টি,ও লাইসেন্স’ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নতুন কৃষি নীতিমালার কারণে ৪৪ হাজার বিক্রেতার অস্তিত্ব হুমকির মুখে—এমন অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়।

 

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সরকার পুরাতন নীতিমালা বিলুপ্ত করে নতুন নীতিমালা প্রণয়ন করায় দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তাঁরা দাবি করেন, কৃষিপ্রধান এই দেশে চাষের মৌসুমে কৃষকের হাতে টাকা না থাকলে তাঁরাই ডিলারদের কাছ থেকে বাকিতে সার কিনে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেন। যদি সরকার পূর্বের নীতিমালা পুনর্বহাল না রেখে নতুন নীতিমালা বহাল রাখে, তবে এটি তাঁদের কর্মহীন করে দেবে।

 

বক্তারা সরকারকে অবিলম্বে নতুন নীতিমালা পুনর্বিবেচনা করার জোর দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

 

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (Retail Fertilizer Dealers Association of Bangladesh) নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষি সচিবের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।



সম্পর্কিত খবর