দেশের খবর

মাদারীপুরে দলিল লেখককে চাঁদার দাবিতে হামলা, রেজিস্ট্রার অফিসে অনির্দিষ্টকালের কর্মবিরতি

মাদারীপুরে দলিল লেখককে চাঁদার দাবিতে  হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে দলিল লেখকরা বুধবার (২৪ জানুয়ারি) বিকাল হতে অফিসে কর্মবিরতি পালন করেছেন। বিচারের দাবিতে ওই দিন বিকেলে দলিল লেখক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করেছেন। বিচার না পেলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন। এতে ভোগান্তিতে পড়েছে সাব রেজিস্ট্রার অফিসে বিভিন্ন কাজে আসা ভুক্তভোগীরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের জেলখানার কোনা এলাকার সজীব ও রাব্বি নামে দুই যুবক দীর্ঘদিন থেকেই দলিল লেখক রুহুল আমিনের কাছে চাঁদা দাবি করে আসছে। একপর্যায় চাঁদা না দেওয়ায় বুধবার সকালে রুহুল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনার পর থেকেই দলিল লেখক সমিতির পক্ষ থেকে কর্ম বিরতি শুরু করে। এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে তারা অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে  করেন। 

এসময় দলিল লেখক সমিতির নেতারা দাবি করেন, দীর্ঘদিন থেকেই এই গ্রুপটি আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় দলিল লেখক সমিতির সদস্য রুহুল আমিনের উপর হামলা করে। 

দলিল লেখক সমিতির জেলা কমিটির সভাপতি তইয়ুবুর রহমান তিতু বলেন, ঘটনার বিচার না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. দিদার, সাধারণ সম্পাদক আমির হোসেন, আহত রুহুল আমিন প্রমুখ। 

এ বিষয় মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



সম্পর্কিত খবর