শিক্ষাখাতের সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠা ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে এবং শিক্ষার্থীদের আধুনিক সমাজের উপযোগী করে গড়ে তোলা হবে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক লুটপাট চালিয়েছে, যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। শিক্ষাখাত বর্তমানে চরম দুরবস্থার মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার দ্রুত সুশাসন ও কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেবে।
মাদ্রাসার শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষার আওতায় আনতে সরকার বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, "মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক ও বাস্তবমুখী শিক্ষার সুযোগ দিতে হবে, যাতে তারা সমাজ জীবনের জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে।" এই লক্ষ্যে একটি কার্যকর পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।
মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, "পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল, যা অন্যায় ছিল। যে কোনো পেশায় খারাপ লোক থাকতে পারে, কিন্তু পুরো গোষ্ঠীকে দোষারোপ করা যাবে না।" মাদ্রাসায় কোনো অপরাধ সংঘটিত হলে সেটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারের এই নতুন পদক্ষেপ শিক্ষাখাতের দীর্ঘদিনের সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
বায়ান্ন/এসএ/পিএইচ